


নিউ ইয়র্ক: ভারতের সঙ্গে শুল্কযুদ্ধের আবহে পাকিস্তানপ্রীতি উত্তরোত্তর বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে অপারেশন সিন্দুরের পর দ্বিতীয়বার আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। চলতি সপ্তাহেই মার্কিন মুলুকে পাড়ি দেবেন তিনি। গত জুন মাসে প্রথমবার আমেরিকা সফরে গিয়েছিলেন আসিম। সেই সময় ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজনও করেছিলেন তিনি। ট্রাম্প ঘোষণা করেছিলেন, পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চলেছে আমেরিকা। এরইমধ্যে আসিম মুনিরের ফের আমেরিকা সফর। যদিও এযাত্রায় মুনির ট্রাম্পের সঙ্গে দেখা করবেন কি না, তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সফরে মার্কিন সেনাকর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুনির।