


নয়াদিল্লি: পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের প্রতি নরম মনোভাব দেখানো উচিত নয় মার্কিন প্রশাসনের। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের রপ্তানি করছে তারা। তাই পাক সরকারের প্রতি নরম মনোভাব দেখালে বিপদ বাড়বে। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী লরা লুমার। পাশাপাশি অতীতে সমাজমাধ্যমে ‘ভারত বিরোধী’ পোস্টের জন্যও ক্ষমা চেয়েছেন লরা। এদিন তাঁর দাবি, বর্তমানে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আগের তুলনায় উন্নত হয়েছে। তবে পাক সরকারের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা না বাড়ানোই উচিত ওয়াশিংটনের। পাকিস্তান দীর্ঘদিন ধরে জেহাদ ও সন্ত্রাসবাদকে উসকানি দিচ্ছে। লুমারের অভিযোগ, বিশ্বের অধিকাংশ সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে ব্যাপক প্রচার চালিয়েছিলেন লরা।