


নয়াদিল্লি, ২ মে: ভারতে বন্ধ করে দেওয়া হল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। জানা গিয়েছে, আজ শুক্রবার মোদি সরকার শরিফের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। তবে চ্যানেল বন্ধের আনুষ্ঠানিক কারণ এখনও পর্যন্ত জানায়নি কেন্দ্রীয় সরকার। তবে মনে করা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কারণের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই জঙ্গি দমনে কড়া পদক্ষেপ নিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার। কড়া বার্তা দেওয়া হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানকেও। সম্প্রতি ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তারপরই ভারতে বন্ধ করে দেওয়া হয় একাধিক পাকিস্তানি অভিনেতা, ক্রিকেটার, ইউটিউবার, মন্ত্রীদের এক্স অ্যাকাউন্ট, ইনস্টা অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল। এই তালিকাটি বেশ লম্বা। তাতে শাহিন আফ্রিদি, শোয়েব আখতার, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, মহম্মদ আমির, নাসিম শাহ, হ্যারিস রউফ, ইমাম উল হক, হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফররা ছাড়াও আরও অনেকে রয়েছেন। এছাড়া ভারতে একাধিক পাকিস্তানের চ্যানেলের সম্প্রচারও বন্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে-ডন, জিও নিউজ, সামা টিভি, সামা স্পোর্টস, শুনো নিউজ, এআরওয়াই নিউজ, বোল নিউজ ইত্যাদি।