


ইসলামাবাদ: ফের আফগানিস্তান সীমান্তে পাক এয়ার স্ট্রাইক। পাকিস্তানের দাবি, ওই হামলায় ২৬ জন জঙ্গি নিহত হয়েছে। যদিও আফগান সরকার পালটা দাবি করেছে, পাক হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। জখম হয়েছেন অন্তত ১৪ জন। তাদের হুঁশিয়ারি, রক্তক্ষয়ী এই আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার অবশ্য সোশ্যাল মিডিয়ায় বুধবার দাবি করেছেন, সেনাবাহিনী পাক তালিবানের গোপন ঘাঁটিতে হামলা চালায়। ঘটনায় ২৬ জঙ্গি প্রাণ হারিয়েছে। তাদের চারটি ঘাঁটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তার মধ্যে টিটিপি কমান্ডার আলিম খান খাউশালি এবং আখতার মহম্মদ জনির সঙ্গে যুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে।
কিন্তু আফগানিস্তানের তালিবান প্রশাসনের প্রধান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কুনার, খোস্ত, পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তার জেরে ১১ জন শিশু, এক মহিলা ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন মহিলা ও শিশু জখম হয়েছেন। নিরীহ গ্রামবাসীর উপর এহেন হামলার কড়া নিন্দা করেছে আফগানিস্তান।