


নিজস্ব প্রতিনিধি, জলাইগুড়ি: চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে শিলিগুড়ির বর্ধমান রোডের ফ্লাইওভার। আজ, শনিবার এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় ও পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।
শিলিগুড়ি শহরের সেভক রোড, বিধান মার্কেট, ক্ষুদিরামপল্লি, শেঠ শ্রীলাল মার্কেট এলাকার যানজট সমস্যা সমাধানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে চালু হচ্ছে পার্কিং জোন। আজ সকালে ওই এলাকা পরিদর্শনে যান মন্ত্রী। সঙ্গে ছিলেন শিলিগুড়ির পুর কমিশনার বীর বিক্রম রাই ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা। মন্ত্রী জানিয়েছেন, পাকাপাকিভাবে পার্কিং জোন চালুর জন্য পেভার ব্লকের রাস্তা তৈরি সহ কিছু কাজ করতে হবে। সরকারি প্রক্রিয়া অনুযায়ী ওই কাজ করতে কিছুটা সময় লাগবে। কিন্তু তার আগে এ মাসের ১২ তারিখ থেকে ওই পার্কিং জোনে গাড়ি রাখা শুরু হবে। স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং জোন চালু হয়ে গেলে রাস্তায় গাড়ি রাখা যাবে না। তবে রাস্তা থেকে পার্কিং জোন উঠে গেলে সেখানে কেউ ব্যবসা করতে বসে পড়বেন সেটাও চলবে না।
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম রক্ষনাবেক্ষণের দায়িত্বে রয়েছে শিলিগুড়ি পুরসভা। কিন্তু পুরসভার পক্ষে ওই স্টেডিয়ামের রক্ষনাবেক্ষণের খরচ চালানো সম্ভব নয়। সেকারণে পুরসভা রাজ্য সরকারকে চিঠি লিখেছে বলে এদিন জানান মন্ত্রী শংকর ঘোষ।