


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি’র নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠিত হল। এদিন ভার্চুয়াল শুনানিতে অংশ নেন অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর চোখে পরা ছিল কালো চশমা। গত বুধবার তাঁর চোখ অপারেশন হয়। এদিন এই মামলায় আদালতে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীও। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সিবিআইয়ের এই মামলায় মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়। অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এই মামলা থেকে ‘মুক্তি’ চান। তাঁর আইনজীবী বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে সিবিআইয়ের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। যদিও সিবিআই তার জোরালো আপত্তি করেন। চার্জ গঠনের পর অভিযুক্ত মন্ত্রী আদালতে দাবি করেন, ‘তিনি সম্পূর্ণ নির্দোষ’। যদিও বিচারক সেই আর্জি নাকচ করে দেন।