


মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরের বিদায় আসন্ন। নতুন করে তাঁর সঙ্গে চুক্তিতে রাজি নয় বিসিসিআই। তাই বিকল্প খোঁজা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে শুক্রবার বার্ষিক সাধারণ সভায় বোর্ডের পদাধিকারীদের নির্বাচক চয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আগরকেরর ভাগ্য এখন দেবজিৎ সইকিয়াদের কোর্টে। রোহিত শর্মাকে অবসরের চাপ দেওয়ার জন্য আগরকরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন বোর্ড সচিব। তখনই বোঝা গিয়েছিল, তাঁর সঙ্গে নতুনভাবে চুক্তি নাও করতে পারে বিসিসিআই। পরের মাসে মেয়াদ শেষ হবে আগরকরের। তিনি দায়িত্ব ছাড়লে কে নির্বাচক প্রধান হবেন, তা নিয়েই জল্পনা ক্রিকেট মহলে। এই মুহূর্তে জাতীয় নির্বাচক কমিটিতে রয়েছেন পার্থিব প্যাটেল, শিবসুন্দর দাস, আরপি সিং, প্রজ্ঞান ওঝা ও অজয় রাতরা। এঁদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন পার্থিব। সংখ্যাটা ২৫। তার পরে রয়েছেন শিবসুন্দর। তবে পার্থিবের গুজরাত কানেকশন থাকায় তিনিই পরবর্তী নির্বাচক প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে।
এদিকে, আরব সাগরের তীরে শুক্রবার অনুষ্ঠিত হল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। কোনো চমক ছাড়াই আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন অরুন ধুমাল। ভোটাভুটির প্রশ্নই ছিল না। কাউন্সিলে যথারীতি রয়েছেন খাইরুল জামাল মজুমদার। এদিকে, ২০২৮ সালে বোর্ডের শতবর্ষ। সেই উপলক্ষ্যে ২০২৭-এর ডিসেম্বর থেকে সেলিব্রেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে রাখার মতো আয়োজনের ভাবনা বোর্ডের। ২০২৭ সালের আইপিএলও জাঁকজমকপূর্ণ হবে। এদিনের এজিএম’এ উপস্থিতি ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।