


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীবাহী গাড়ির বাজার কিছুটা চাঙ্গা রইল দেশজুড়ে। ফেব্রুয়ারি মাসের বিক্রিবাটার হার নিয়ে মোটামুটি খুশি শিল্পমহল। ২০২৪ সালের ফেব্রুয়ারির সঙ্গে গত মাসের গাড়ি বিক্রির তুল্যমূল্য হিসেবে একথা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। গাড়ি সংস্থাগুলি থেকে শোরুমে যে গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। অর্থাৎ পাইকারি বাজারে গাড়ি বিক্রি বেড়েছে বলে দাবি করেছে ওই সর্বভারতীয় সংগঠন।
সিয়ামের হিসেব, গত মাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার। গত বছর, অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সেই অঙ্ক ছিল প্রায় ৩ লক্ষ ৭০ হাজার। কিন্তু এর বিপরীত ছবি দেখা গিয়েছে দু’চাকা গাড়ির বাজারে। সার্বিকভাবে বিক্রি কমেছে টুহুইলার বা দু’চাকা গাড়ির। যেখানে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল প্রায় ১৫ লক্ষ ২১ হাজার, সেখানে গত মাসে তা দাঁড়ায় প্রায় ১৩ লক্ষ ৮৫ হাজারে। হিসেব বলছে, স্কুটারের বিক্রি ততটা মার না খেলেও, বাজার ধসেছে বাইকের। গত বছর ফেব্রুয়ারিতে যেখানে স্কুটার ও স্কুটির বিক্রি ছিল ৫ লক্ষ ১৫ হাজার, সেখানে গত মাসে বিক্রি হয়েছে প্রায় ৫ লক্ষ ১৩ হাজার। গত মাসে মোটরসাইকেল বা বাইক বিক্রির সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৩৮ হাজার। একবছর আগের নিরিখে তা কমেছে প্রায় ১ লক্ষ ২৬ হাজার। সিয়ামের আশা, দু’চাকা গাড়ির বাজার চলতি মাসে আশানুরূপ হবে। হোলি, দোল এবং উগারির মতো উৎসবগুলি আঞ্চলিক স্তরে বাজারকে চাঙ্গা করবে।