


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেনিয়াপুকুর থানা এলাকার দরগা রোডে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃতের নাম বিশ্বজিৎ কর (৫২)। তপসিয়া থানা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ওই ব্যক্তি কর্মসূত্রে বেনিয়াপুকুরের দরগা রোডে গিয়েছিলেন। সেখান থেকেই বাড়ি ফিরছিলেন। আচমকাই একটি গাড়ি ওই পথচারীকে পিছন থেকে ধাক্কা দেয়। গাড়ির গতি বেশি থাকার জেরে অভিঘাতে উড়ে গিয়ে প্রায় ৮-১০ ফুট দূরে ছিটকে পড়েন প্রৌঢ়। গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা প্রৌঢ়কে রাস্তায় রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে মানিকতলা ই এস আইতে নিয়ে যাওয়া হয়। তবে মাঝপথেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে ট্রাফিক বিভাগের ফেটাল স্কোয়াড। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলে লালবাজার জানিয়েছে।
অন্যদিকে, রবিবার ভোরে হাজরা রোডে একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন দুই স্কুটার আরোহী। আহতদের নাম কুণাল হালদার (২২) ও অহনা সিনহা (২৩)। দু’জনের মাথাতেই হেলমেট ছিল। রক্তাক্ত অবস্থায় দু’জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অহনাকে ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।