


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অমিত শাহ বলেছেন উল্টো করে ঝোলাবেন। আমি বলছি, ৪ মে অমিত শাহ-নরেন্দ্র মোদি দেখবেন, তাঁরাই উল্টো হয়ে ঝুলছেন। বাংলার মানুষই তাঁদের দু’জনকে উল্টো করে ঝুলিয়ে দেবেন। শনিবার হুগলির রিষড়ার ওয়েলিংটন মাঠের জনসভা থেকে এভাবেই বিজেপি’র দুই শীর্ষনেতাকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় ওয়েলিংটন মাঠের সভাতে বক্তব্য রাখতে আসেন কল্যাণ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে জানালেন যে, হেমন্তজি অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণে আসবেন না। তাই আমাকে বললেন, জনসভার দায়িত্ব নিতে। রিষড়ার ওয়েলিংটনের মাঠে এদিন ভালো ভিড় হয়েছিল।
সেখানেই শুরু থেকে বিজেপি’কে তেড়ে আক্রমণ করেন কল্যাণ। তিনি বলেন, যাঁরা আমাদের বাড়ির লোকেদের নাম কেটেছেন, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের কি ছেড়ে কথা বলবেন? মাঠ থেকে সমস্বরে জনতার আওয়াজ আসে, না, কিছুতেই না। কল্যাণ বলেন, প্রথম দফার ভোটের পরে বিজেপি প্রচার শুরু করেছে যে, ওরা নাকি প্রায় সব আসনেই জিতবে। আসলে ওরা বাংলাকে কিছুই বোঝে না। তাই হট্টগোল করছে। এসআইআর করে মানুষের নাম বাদ দেওয়ার, তাঁদের ভোগান্তির প্রতিশোধ নিয়েছে বাংলার মানুষ। তাই প্রথম দফার ভোটে এত মানুষ লাইনে দাঁড়িয়েছেন। ইভিএমের সেই আওয়াজ অমিত-নরেনের কানে ৪ মে’র পর থেকে আজীবন বাজতে থাকবে। বাংলার মানুষ কি করতে পারে, সেদিন তাঁরা বুঝে যাবেন।
কল্যাণ জানিয়েছেন, দিল্লির এয়ারপোর্টে ভোটের আগের দিন প্রবল ভিড় ছিল। মানুষ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ভোট দিতে এসেছে। সেজন্যই বাংলায় রেকর্ড ভোটের হার তৈরি হয়েছে। আর দ্বিতীয় দফার পরে বিজেপি’র রেকর্ড হারের পথ তৈরি করবে।