


সংবাদদাতা, ময়নাগুড়ি: কৃষিকাজে আধুনিক ছোঁয়া। এবার আর পিঠে স্প্রেয়ার চাপিয়ে ঘণ্টার পর ঘণ্টা খাটনি নয়। মাত্র ১০ মিনিটে ড্রোনের সাহায্যে এক একর জমিতে কীটনাশক স্প্রে করে নজির গড়ল কৃষি দপ্তর। সোমবার রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে ময়নাগুড়ি কৃষি দপ্তরের পক্ষ থেকে মাঠে নামানো হয় অত্যাধুনিক কৃষি ড্রোন।
কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার কৃষকদের যেমন বিপুল সময় বাঁচবে, তেমনই সরাসরি কৃষকরা বিষাক্ত কীটনাশকের সংস্পর্ষে না আসায় তাঁদের স্বাস্থ্যঝুঁকিও এড়ানো সম্ভব হবে। এক একর জমিতে কীটনাশক দিতে একজন শ্রমিকের প্রায় পুরো দিন লেগে যেত। সেখানে এই ড্রোনটি মাত্র ১০ মিনিটে সেই কাজটি করে দেয়। প্রযুক্তির এই সুফল দেখে উচ্ছ্বসিত ময়নাগুড়ির স্থানীয় কৃষকরাও। এক কৃষক জানান, ‘চাষের মরশুমে জমিতে কীটনাশক দেওয়ার জন্য অনেক সময় শ্রমিকই পাওয়া যায় না। তার ওপর এক একর জমিতে নিজে থেকে স্প্রে করতে প্রায় ৮ ঘণ্টা সময় লেগে যায়। ড্রোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সেই কাজ নিখুঁতভাবে হয়ে যাচ্ছে, যা আমাদের মতো চাষিদের জন্য দারুণ স্বস্তির।’
কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ‘কৃষকদের প্রযুক্তিমুখী করতে রাজ্য সরকারের ‘কৃষি যান্ত্রিকীকরণ স্কিম’-এর আওতায় বিশেষ ভর্তুকির ব্যবস্থাও রাখা হয়েছে। যাতে সাধারণ কৃষকরা সহজেই ভর্তুকি মূল্যে এই ড্রোন কিনতে পারেন এবং নিজেদের কৃষিকাজে গতি আনতে পারেন।’ এই লক্ষ্যেই জোরকদমে প্রচার ও প্রদর্শন চালাচ্ছে কৃষি দপ্তর।