


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতে কোল্ড ড্রিঙ্কসের উপর জিএসটি আরোপ করা হয় ২৮ শতাংশ হারে। তার সঙ্গে সেস চাপানো হয় ১২ শতাংশ। এই পানীয় কিনতে গেলে সব মিলিয়ে ৪০ শতাংশ কর দিতে হয় সাধারণ মানুষকে। এক্ষেত্রে জিএসটির হার ১৮ শতাংশে নামিয়ে আনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রককে প্রস্তাব দিল দেশের ছোট ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। তাদের বক্তব্য, গোটা বিশ্বে এই হাল্কা পানীয়ের উপর কর আরোপ করা হয় ১৬ থেকে ১৮ শতাংশ হারে। এদিকে, ভারতের ছোট দোকানগুলিতে যে বিক্রিবাটা হয়, তার ৩০ শতাংশ দখলে রাখে এই কোল্ড ড্রিঙ্কস। তাতে লাভ্যাংশ অন্যান্য পণ্যের তুলনায় কম। কিন্তু চাহিদা বিপুল থাকায় এই পণ্য দোকানে রাখেন বিক্রেতারা। সংগঠনটির আর্জি, যদি ওই পানীয়ের উপর জিএসটির হার ১৮ শতাংশে নামানো হয়, তাহলে সাধারণ মানুষ যেমন তুলনামূলক কম দামে পণ্যটি কিনতে পারবেন, তেমনই বিক্রেতারাও আরও বেশি পরিমাণে তা বিক্রি করতে পারবেন। করের হার কমিয়ে সরকার যেটুকু রাজস্ব ক্ষতি করবে, বিক্রি বৃদ্ধির কারণে বেশি অঙ্কের জিএসটি আদায় সেই ক্ষতি ঢেকে দেবে বলে দাবি করেছে ওই সংগঠন।