


বিশ্বজিৎ দাস, কলকাতা; রাজ্যের লক্ষ লক্ষ মধ্যবিত্তের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার ইতিহাসে এই প্রথম কোনও সরকারি হাসপাতাল স্বাস্থ্যবিমা সংস্থার মাধ্যমে সম্পূর্ণভাবে ‘ক্যাশলেস’ হতে চলেছে। পিজি হাসপাতালের শতাব্দী প্রাচীন উডবার্ন এবং সদ্য চালু হওয়া বাজেট হাসপাতাল অনন্য (উডবার্ন ২) দুটিই (আনুমানিক দেড়শো বেড) সম্পূর্ণ ক্যাশলেস হচ্ছে। চার সরকারি স্বাস্থ্যবিমা সংস্থার নেটওয়ার্ক জেনারেল ইনশিয়োরেন্স পাবলিক সেক্টর অ্যাসোসিয়েশন বা জিপসার সঙ্গে পিজি হাসপাতালের এই সংক্রান্ত চুক্তি সদ্য সম্পন্ন হয়েছে বলে হাসপাতালের শীর্ষ সূত্রে জানা গিয়েছে। এর অর্থ ন্যাশনাল, ইউনাইটেড ইন্ডিয়া, ওরিয়েন্টাল এবং ইউনাইটেড ইন্ডিয়া—চার সরকারি স্বাস্থ্যবিমা সংস্থার লক্ষ লক্ষ উপভোক্তা শীঘ্রই নিখরচায় দুই জায়গার পরিষেবা পাবেন। বেসরকারি স্বাস্থ্যবিমা সংস্থাগুলিও অনন্য ও উডবার্নে দ্রুত ক্যাশলেস চালু করায় আগ্রহ দেখিয়েছে। পরের ধাপে তাদের নেটওয়ার্কের সঙ্গে চুক্তি সম্পাদিত হবে। ডিসেম্বর থেকে ক্যাশলেস চালু হতে পারে বলে শীর্ষ সূত্রের খবর। আর খরচ? হেলথ স্কিমের রেট নিয়ে উপভোক্তারা খুশি হলেও মোটেই খুশি নন চিকিৎসকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষগুলি। ড্যামেজ কন্ট্রোলে উডবার্নে ইন্ডোর চিকিৎসা ও অপারেশনের প্যাকেজ থাকবে হেলথ স্কিমের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি। তাও সেই খরচ শহরের পাঁচতারা নার্সিংহোম-প্রাইভেট হাসপাতালের অর্ধেক বা তিনভাগের এক ভাগ। দাবি পিজির কর্তাদের। তাঁরা জানান, দু-তিনদিন থেকে ১০-১২ দিন হাসপাতালে রেখে ১৫০টির বেশি অপারেশনের প্যাকেজ তৈরি হয়েছে। অপারেশন সংক্রান্ত জটিলতা না-হলে প্যাকেজের বাইরে প্রায় কিছুই থাকবে না। বেড ভাড়া, রোগ-রক্তপরীক্ষা, ডাক্তারদের ফি, ওটি খরচ, ডায়েট, এমনকি অ্যাটেনডেন্টের খরচও ধরা থাকছে। প্রাইভেটের মতো ক্যাশ এবং ইনশিয়োরেন্স রোগীদের মধ্যে খরচের ফারাক এখানে থাকবে না। নগদে চিকিৎসা করালে যা খরচ, বিমাতে করালেও তাই।
যেমন এখানকার প্রাইভেট কেবিনে বাইপাস করতে প্যাকেজ রেট হতে পারে কমবেশি ১.৯০ লক্ষ টাকার কাছাকাছি। গলব্লাডারে ল্যাপারোস্কপি করাতে ৩০-৩৫ হাজার টাকা, একদিকের টোটাল নি রিপ্লেসমেন্ট ৭৫ হাজার টাকা (ইমপ্ল্যান্ট ছাড়া) ইত্যাদি। স্যুইটে থাকলে শুধু অতিরিক্ত বেড ভাড়া যুক্ত হবে। প্রাইভেটের মতো সম্পূর্ণ অন্য রেট নয়। সেদিকে শহরের একটি শীর্ষস্থানীয় কর্পোরেট হাসপাতালের কেবিনে এই খরচ বাইপাস—সাড়ে ৫ লক্ষ টাকা, হাঁটু প্রতিস্থাপন (ইমপ্ল্যান্ট ছাড়া) ৩ লক্ষ ৩০ হাজার টাকা ইত্যাদি।
প্রসঙ্গত, বর্তমানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা দেয় রাজ্য। কার্ড না-থাকলেও চিকিৎসা দেওয়া হয়। পিজির ক্ষেত্রে একই কথা খাটে। এমনকি পিজির কার্ডিয়োলজি, চেস্ট, বাঙুর, স্কুল অব ডায়জেস্টিভ অ্যান্ড লিভার ডিজিজ, ফিজিক্যাল মেডিসিন প্রভৃতি ওয়ার্ড মিলিয়ে থাকা ২৫টি কেবিনেও ফ্রি পরিষেবা পাওয়া যায় স্বাস্থ্যসাথীতে। তা আগে যেমন ছিল, তাই থাকবে। তবে উডবার্ন ১ এবং অনন্য দুই জায়গাতেই স্বাস্থ্যসাথী প্রযোজ্য হবে না। উডবার্নে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে ক্যাশলেস মিলত। সেটাই থাকবে। অনন্যতে অবশ্য হেলথ স্কিমে ক্যাশলেস মিলবে না। পেমেন্ট করে রিইমবার্সমেন্ট মিলবে। আর নয়া উদ্যোগে হেলথ স্কিমের উপভোক্তারা ছাড়াও লক্ষ লক্ষ মধ্যবিত্তও ক্যাশলেস পরিষেবা নিতে পারবেন। -নিজস্ব চিত্র