


সংবাদদাতা, ঝাড়গ্রাম: শালগড়া জঙ্গল এলাকায় বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে ডুলুং নদীতে নিখোঁজ এক যুবক। জানা গিয়েছে, ওই যুবকের নাম সায়ন সাউ (২১)। বাড়ি ঝাড়গ্রাম থানার বিরা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার বন্ধুদের সঙ্গে শালগড়া জঙ্গল এলাকায় পিকনিক করতে এসেছিলেন তাঁরা। দুপুরে পিকনিক শেষ হওয়ার পর ডুলুং নদীর পাড়ের দিকে যান। বেশ কিছুক্ষণ পরেও তিনি ফিরে না আসায় বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে। নদীর পাড়ে তাঁর মোবাইল ফোন-সহ অন্যান্য সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিক অনুমান, অসাবধানতার জেরে সায়ন নদীতে পড়ে গিয়ে থাকতে পারে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পৌঁছয়। তবে নদী সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। বর্তামানে উদ্ধার অভিযান চলছে। পাশাপাশি সায়নের সঙ্গে থাকা বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।