


পানাজি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই গত সপ্তাহে গোয়ার পানাজি এবং মাপুসায় দু’টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের সমর্থনে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। উমরের সমর্থনে প্ল্যাকার্ড ছিল বলেও অভিযোগ। ২০২০ সালে দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন উমর। সূত্রের খবর, উমরের সমর্থনে স্লোগান দেওয়া নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করে গোয়া পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দু’টি অনুষ্ঠানেরই আয়োজন করেছিল ‘উজবা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার গোয়া পুলিশ সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজনের অর্থ কোথা থেকে এল, তা জানার চেষ্টা চলছে।
উমরের সমর্থনে স্লোগান দেওয়ার জন্য ‘উজবা’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ‘সিটিজেনস অব মাপুসা’ নামে একটি সংগঠন। বুধবার সংগঠনের সচিব আম্রিন শেখকে ডেকে পাঠায় গোয়া পুলিশ। কে এই প্রতিবাদের ডাক দেয়?, প্রতিবাদ নিয়ে যোগাযোগের জন্য তৈরি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগনালের কোনো গ্রুপে তিনি সদস্য কি না সহ মোট ২৪০টি প্রশ্ন করা হয়েছে আম্রিনকে। উত্তর গোয়ার পুলিশ সুপার হরিশচন্দ্র মাদকাইকর বৃহস্পতিবার বলেন, ‘তদন্তের প্রয়োজনে এই প্রশ্নগুলি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আয়োজকদের ছেড়ে দেওয়া হয়।’