


মেক্সিকো সিটি: মেক্সিকোতে দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। পেস্ট কন্ট্রোল বা কীটনাশক ছড়ানোর জন্য ওই ছোট বিমানটিকে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে পাইলট-সহ মোট ৩ জনের। মেক্সিকো প্রশাসন সূত্রে খবর, উত্তর-পূর্ব মেক্সিকোর সিনালোয়া রাজ্যের লস মোচিস শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ২ জন ছিলেন গুয়েতমালান পাইলট ও অপরজন কৃষক।
জানা গিয়েছে, বিমানটি পেস্ট কন্ট্রোলের জন্য কাজ করছিল। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বিমানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি মাঠের উপর ঘুরপাক খাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি নিচে পড়ে আগুনে ভস্মীভূত হয়ে যায়।
দুর্ঘটনার পরই স্থানীয় পুলিস ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিশেষ বিষয় হল মেক্সিকোতে ছোট বিমানের মাধ্যমে এমন কীটনাশক স্প্রে করা একটি সাধারণ বিষয়। কিন্তু তা করতে গিয়ে সাম্প্রতিক অতীতে এমন দুর্ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে ও বিমান চলাচল নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।