


বসন্ত বাতাসে ভর করে কবিতার মালা গাঁথল ‘সর্জন আবৃত্তি আকাদেমি’। সম্প্রতি বাংলা আকাদেমি সভাঘরে আয়োজিত হল এক আবৃত্তি সন্ধ্যা। গানে ও কবিতায় অনুষ্ঠানের সূচনা হয়। আকাদেমির নবীন ছাত্রীদের আত্মবিশ্বাসের সঙ্গে একক পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে। ‘কুয়ার ধারে’, ‘অমলকান্তি’, ‘গল্প বলা’ প্রভৃতি কবিতা ছিল তাদের নিবেদনে। সমবেত প্রয়াসে ‘জননী তোমায় প্রণমী’ শুনতেও ভালো লাগে। সংস্থার কর্ণধার ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী ছন্দা রায়ের পরিচালনা ও পরিবেশনায় সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়াও আমন্ত্রিত বাচিক শিল্পীদের মধ্যে জয়ন্ত ঘোষ, স্বপন ভট্টাচার্য, রামচন্দ্র পাল, মহুয়া বসু সেন ও শুভদীপ চক্রবর্তীর কন্ঠে আবৃত্তি ভালো লাগে। সহজ পাঠ আকাদেমির কবিতা কোলাজ ‘বেঁধে বেঁধে থাক’ দারুণ পরিবেশনা। ছন্দা রায়ের কন্ঠে শোনা যায় স্বরচিত কবিতা ‘তাল ও ছন্দের কবিতা’। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গ দেন বিশ্বজিৎ দাস।