


সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজোর বাজারে ভিড়ের মধ্যে কেপমারি-সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা রুখতে তৎপরতা শুরু করল ময়নাগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, শুধু বাজার নয় বরং বাজার সংলগ্ন বিভিন্ন এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি অবৈধ নেশার আসর কিংবা জুয়ার আসর যাতে না বসে সেদিকেও বিশেষ নজর রাখছে পুলিশের দল। ময়নাগুড়ি থানার পিসি পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই চারটি টিম তৈরি করা হয়েছে। সাদা পোশাকে সেই সমস্ত পুলিশকর্মীরা বাজারের বিভিন্ন গলি ও সংলগ্ন এলাকায় ঘুরে নজরদারি চালাচ্ছেন। সকাল থেকেই ইলেকট্রিক সাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এই বিশেষ দলগুলি।
পুলিশ মারফত জানা গিয়েছে, পুজোর বাজারে ভিড়ের সুযোগ নিয়ে আগেও ময়নাগুড়িতে কেপমারির মতো একাধিক ঘটনা ঘটেছে। সেই জেরেই এবার পুজোর বাজার শুরু হওয়ার আগেই সতর্ক হয়েছে পুলিশ। বাজারের প্রতিটি গলিতে নজর রাখা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকে যেন ভালোভাবে বাজার করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই কারণেই পুলিশের গঠন করা এই বিশেষ দলগুলি পুরোপুরিভাবে নজরদারি শুরু করেছে। মোট চারটি টিম ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় নজর রাখছে ইতিমধ্যেই। পুলিশের এই বাড়তি নজরদারিতে পুজোর বাজারে সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।