


সংবাদদাতা, খড়্গপুর: রেল শহর খড়্গপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। শুক্রবার রাতে খড়্গপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় বিভিন্ন অস্ত্রশস্ত্র। ধৃতদের শনিবার আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আলিয়া বিবি নামে এক মহিলার বাড়িতে বসে ডাকাতির ছক কষছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়েই গভীর রাতে অভিযান চালায় খড়্গপুর টাউন থানার একটি টিম। হাতেনাতে পাকড়াও করা হয় আলিয়া বিবি সহ চারজনকে। ধৃত বাকি ৩ জন হল-খোকন বেরা, আকাশ নায়েক এবং সেখ সাহিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, খড়্গপুর শহরের গোলবাজার, মালঞ্চ সহ বিভিন্ন এলাকার সোনার দোকানে ডাকাতির ষড়যন্ত্র করছিল তারা। তাদের কাছে ভোজালি সহ নানা অস্ত্রশস্ত্র ছিল।
অন্যদিকে, খড়্গপুর শহর সহ জেলা জুড়েই অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শুক্রবার রাতে খড়্গপুর শহরের ২২নং ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় পর পর একাধিক বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় পুলিশের তরফে। অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানোর নেতৃত্বে রাত্রি ৯টা থেকে ১১টা অবধি চলে এই অভিযান। ছিলেন এসডিপিও সিদ্ধার্থ ঢাঙ্গি। আইসি অমিতকুমার মিত্র প্রমুখ। এই অভিযানে দু'টি বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকাতে অভিযান চালাই আমরা। আগামী এক মাসের মধ্যে নেশা মুক্ত খড়্গপুর গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।