


সংবাদদাতা, কাঁথি: দিনদশেক আগে মন্দারমণিতে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে নদীয়া জেলা থেকে আসা তিন পর্যটকের মৃত্যু হয়েছিল। তার মধ্যে এখনও একজন পর্যটক যুবক নিখোঁজ রয়েছেন। তাঁর দেহ এখনও উদ্ধার হয়নি। তার আগে আর একটি ঘটনায় তলিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছিল মন্দারমণিতেই। এই পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক ও সচেতন করতে সৈকতে ‘রেড জোন’ চিহ্নিত করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। মোহনার কাছে ৫০ মিটার অংশ রেড জোন হিসাবে চিহ্নিত করে সেখানে বাঁশের ব্যারিকেড ও দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিপজ্জনক এই অংশে কোনোমতেই সমুদ্র স্নানে নামা যাবে না। যিনি নিষেধাজ্ঞা অমান্য করবেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার থেকেই মন্দারমণি সৈকতে জেলা প্রশাসনের তরফে ১৪ জন নুলিয়াকে নিযুক্ত করা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন। সেইসঙ্গে মন্দারমণির বিভিন্ন জায়গায় সতর্কবার্তা সম্বলিত সব বোর্ড লাগানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রেড জোনে তো নয়ই, জোয়ারের সময় এবং সমুদ্র উত্তাল থাকলে কোনোভাবেই জলে নামা যাবে না। হাঁটুজলের বেশি স্নান করা যাবে না। মোহনার দিকে ওই অংশে জলের স্রোত বেশি এবং জায়গাটি বিপজ্জনক। রয়েছে ঘূর্ণি ও চোরাবালি। সেখানকার সৈকতে নামা যাবে না। সৈকতে মদ্যপান তো নয়ই, মদ্যপ অবস্থায় স্নানে নামা যাবে না। আরও বলা হয়েছে, সমুদ্রচরে কোনো গাড়ি চালানো যাবে না। কোনোরকম আবর্জনা, বোতল ফেলা যাবে না।
হোটেলে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। সব নিয়ম মানতে হবে। না মানলে কড়া পদক্ষেপ করবে পুলিশ-প্রশাসন। ইতিপূর্বে মাইকিং করে সব বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনই চলছে মাইকিং। পুলিশ ও নুলিয়াদের তরফে নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মন্দারমণির মোহনার কাছে ৩ নম্বর ঘাটে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হয় নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাসিন্দা সোমনাথ হালদার (১০) নামে এক নাবালকের। ওই কিশোরের পারিবারিক বন্ধু নদীয়া জেলারই শান্তিপুর থানা এলাকার বাসিন্দা দম্পতি সুমন শীল (২৪) ও বৃষ্টি শীলও (১৮)একইভাবে তলিয়ে যান। পরের দিনই বৃষ্টির দেহ উদ্ধার হয়। তবে ঘটনার পর ১০দিন কেটে গেলেও এখনও নিখোঁজ রয়েছেন সুমন। পুলিশ তাঁর খোঁজে স্পিডবোট নামিয়ে এবং বিভিন্নভাবে তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়েছে।
ওসি চন্দন প্রসাদ বলেন, স্নানে নেমে দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে গুচ্ছ সতর্কবার্তা জারি হয়েছে মন্দারমণিতে। বিপজ্জনক এলাকা চিহ্নিত করে স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। -নিজস্ব চিত্র