


সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মেদিনীপুর পূর্ব ক্যানেল। এই খাল দিয়ে দুর্গন্ধযুক্ত দূষিত জল প্রবাহিত হয়। এই দূষিত জলের প্রবাহ আটকাতে প্রশাসনিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবে দূষণ রোখা সম্ভব হচ্ছে না। ফলে মেদিনীপুর ক্যানেল দিয়ে দুর্গন্ধযুক্ত দূষিত কালো জল একদিকে যেমন নদীতে মিশছে, তেমনই এই খালের পাড়ে বসবাসকারী মানুষজন দুর্গন্ধে টিকতে পারছেন না। তাঁরা আজ অতিষ্ঠ। অবিলম্বে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই মেদিনীপুর পূর্ব ক্যানেল দিয়ে বিভিন্ন কারখানার দুর্গন্ধযুক্ত কালো দূষিত জল বইছে। সেই জল লকগেট হয়ে নদীতে মিশছে। প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় এই দূষিত জল খাল দিয়ে এসে নদীতে মেশে। শুধু তাই নয়, যে সময় এই দূষিত জল নদীতে মেশে, সেই সময় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয়রা। মারাত্মক দূষণের কবলে পড়ে গোটা এলাকা। এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি কারখানাকে নোটিস দেওয়ার পর কিছুদিন এই দূষিত জল ছাড়া বন্ধ থাকে। তারপর আবার যে কে সেই। ফের নোংরা জল ছাড়ে তারা। সাধারণ মানুষের বক্তব্য, মাঝে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় কয়েকমাস জল ছাড়া বন্ধ ছিল। কিন্তু ফের তারা একই কাজ শুরু করেছে। তাঁদের বক্তব্য, প্রশাসনকে ফাঁকি দিতে রাতের দিকে তারা জল ছাড়ে।
পরিবেশকর্মী শুভ্রদীপ ঘোষ বলেন, ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত বিভিন্ন খালের পাশে রয়েছে অসংখ্য কারখানা। সেখান থেকে দূষিত জল এসে মিশছে খালের জলে। যদি কারখানাগুলি ট্রিটমেন্ট প্লান্ট গড়ে তার মাধ্যমে জল ছাড়ে, তাহলে কিছুটা হলেও দূষণ আটকানো সম্ভব। এ বিষয়ে বিজেপির রাজ্যস্তরের নেতা প্রত্যুষ মণ্ডল বলেন, বিষয়টি আমারও নজরে এসেছে। আমি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে বিষয়টি জানাব।