


কলকাতা, ২৪ আগস্ট: বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ আজ অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশা অঞ্চলের ওপর। আগামী ২৪ ঘন্টায় যার ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অমৃতসর, শাহজাহানপুর, বারাণসী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই জোড়া ফোলার জেরে রাজ্য জুড়ে আগামী কয়েক দিন দুর্যোগের আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। মঙ্গলবার বৃষ্টির পরিধি বাড়বে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
রবিবার বৃষ্টি চলবে উত্তরবঙ্গে পর্যন্ত। পাহাড়ের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরের উপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর তার জেরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী ২৪ ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।