


নয়াদিল্লি: ইজরায়েল, হামাস যুদ্ধে ভারতের অবস্থান নিয়ে এবার কেন্দ্রকে খোঁচা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে রাষ্ট্রসঙ্ঘে ভারতের ভোটদানে বিরত থাকাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও খোঁচা দিয়েছেন ওয়েনাড়ের সাংসদ। তিনি বলেছেন, ‘প্রকৃত বিশ্বনেতা হতে গেলে ন্যায়বিচারের পক্ষে থাকার সাহস রাখতে হয়। ভারত যা আগে করে দেখিয়েছে।’ গাজায় কোনওরকম শর্ত ছাড়াই স্থায়ী যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব আনা হয়েছিল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। শুক্রবার সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল ভারত। এবার এব্যাপারে মোদি সরকারের অবস্থানের তীব্র বিরোধিতা করলেন প্রিয়াঙ্কা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ইতিমধ্যেই গাজায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। একটা গোটা এলাকার বাসিন্দারা কার্যত বন্দি। খাদ্যের অভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেখানকার লোকজন। আর আমরা তাদের পক্ষে অবস্থান নিতে অস্বীকার করছি’। প্রিয়াঙ্কা মনে করিয়ে দিয়েছেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম আন্তর্জাতিক স্তরে শান্তি ও মানবিকতার উদাহরণ তৈরি করেছিল।’