


নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে যাঁরা প্রতিদিন কাজ করেন, তাঁদের উৎসাহ দিতে এবার বিশেষ উদ্যোগ নিল কৃষ্ণনগর পুরসভা। সাফাই কর্মীদের কাজের স্বীকৃতি দিতে বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপুজোর আগে পুরসভার ৪৩৫ জন কর্মীর হাতে তুলে দেওয়া হল টি-শার্ট, হ্যান্ড গ্লাভস, সাবান-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
বুধবার বিকেলে কৃষ্ণনগর পুরসভার সভাকক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক মৌলি সান্যাল। পুরসভার সাফাই কর্মীদের কাজের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
এদিন বেস্ট পারফরম্যান্স, বেস্ট নির্মল সাথী, বেস্ট সুপারভাইজার সহ প্রায় ১০টি বিভাগে সাফাই কাজে যুক্ত কর্মীদের পুরস্কৃত করা হয়। শুধু ব্যক্তিগতভাবে নয়, কাজের ক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য মোট ২০টি দলকেও পুরস্কৃত করা হয়েছে।
সামনেই বাঙালির শেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা পুরসভার কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সে কথা মাথায় রেখেই পুরসভার ৪৩৫জন কর্মীর হাতে টি-শার্ট তুলে দেওয়া হয়। কাজের সময় প্রয়োজনীয় সুরক্ষার কথা মাথায় রেখে হ্যান্ড গ্লাভস, সাবান-সহ আরও কিছু সামগ্রীও তাঁদের দেওয়া হয়েছে। পুরপ্রশাসক তথা কৃষ্ণনগর সদরের মহকুমা শাসক মৌলি সান্যাল বলেন, কর্মীদের উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা দুর্গাপুজোয় সবাই আনন্দ করব। তাই কর্মীদের টি-শার্ট দেওয়া হচ্ছে। শহরের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও এদিন পুরসভার তরফে আশার কথা শোনানো হয়।
মৌলিদেবী বলেন, কৃষ্ণনগর শহরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে ডেঙ্গু সমস্যা ওতপ্রোতভাবে জড়িত। তাই সাফাই কর্মীরা যত ভালোভাবে কাজ করবেন, এই সমস্যার সঙ্গে আমরা তত ভালোভাবে মোকাবিলা করতে পারব।
পুরসভা সূত্রে খবর, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলাতেও সাফাই কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী দিনে আরও ভালো পরিষেবা পেতে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র