


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) পরিচালন ব্যবস্থা পরিবর্তন করতে কেন্দ্রীয় সরকার লোকসভায় যে নতুন বিল পেশ করেছে, সেটি এখন পর্যালোচনা করছে সংসদীয় কমিটি। বিরোধী দলগুলি এবং আইএসআই থেকে ওই বিলের তীব্র বিরোধিতা করা হয়েছে। তবে এর মধ্যেই আইএসআই’র নতুন কাউন্সিল গঠন ও প্রেসিডেন্ট নিযুক্তির প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেল। এখন যে আইএসআই আইন আছে, তাতে দু’বছর পরপর এই প্রক্রিয়া হয়। কাউন্সিলের নতুন সদস্য ও প্রেসিডেন্ট ২ বছর ধরে বহাল থাকেন। তারপর ফের নির্বাচন ও মনোনয়নের মাধ্যমে নতুন কাউন্সিল গঠন হয় ও নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেন। কেন্দ্রীয় সরকার আইএসআই’র যে নতুন আইন করতে চাইছে, তাতে এই কাউন্সিল, প্রেসিডেন্ট কিছুই থাকবে না। আইএসআই-কে চালাবে ‘বোর্ড অব গভর্ন্যান্স’। সোসাইটি হিসাবে আইএসআই কাজ করবে না। এখন সোসাইটি থাকার জন্য আইএসআই সদস্যরা বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ও কাউন্সিলের সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন।
আইএসআইয়ের কাউন্সিলে মোট ৩৩ জন সদস্য থাকেন। কাউন্সিলই প্রতিষ্ঠান পরিচালনার মূল দায়িত্বে আছে। কেন্দ্রীয় সরকার ও কয়েকটি সংস্থা কিছু সদস্যকে মনোনীত করে। পদাধিকার বলে আসেন কয়েকজন। ভোটাভুটির মাধ্যমেও কয়েকজন সদস্য নির্বাচিত হন। এবার কর্মীদের দু’জন প্রতিনিধি বাছাই ভোটাভুটি ছাড়াই সহমতের ভিত্তিতে হয়েছে। অধ্যাপকদের প্রতিনিধির ক্ষেত্রে ভোটাভুটি বাধ্যতামূলক হলেও এবার তাও হয়েছে সহমতের ভিত্তিতে। কাউন্সিলের ৩৩ জন সদস্য কারা হবেন, তা চূড়ান্ত হয়ে গিয়েছে। চলতি মাসে বার্ষিক সাধারণ সভায় তা পেশ করা হবে। সেই সভাতেই প্রেসিডেন্ট ঠিক হবে। কাউন্সিল থেকে ওই পদের জন্য বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের প্রাক্তন ডিরেক্টর পদ্মভূষণ প্রাপক জৈব রসায়নবিদ পদ্মনাভন বলরামের নাম প্রস্তাব করা হয়েছে। সেটাই ওইদিন গৃহীত হবে বলে সংস্থা সূত্রে খবর। গত দু’টি দফায় প্রেসিডেন্ট পদে ছিলেন আইএসআই-এর প্রাক্তন ডিরেক্টর শঙ্করকুমার পাল।