


থানে, ১৫ এপ্রিল: ছেলেকে আইআইটি বম্বেতে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক মহিলাকে। তার জন্য দাবী করা হয়েছিল প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় সেই টাকা দিয়েও দেন মহিলা। ২০২৩ সাল থেকে ওই টাকা আদায়ের ঘটনার শুরু। দফায় দফায় টাকা নিলেও কাজের কাজ কিছু হয় নি। উচ্চ পদস্থ সরকারি আধিকারিক পরিচয় দিত অভিযুক্ত ব্যক্তি। ওই ব্যক্তি এবং অভিযোগকারি মহিলা একই কমপ্লেক্সের বাসিন্দা। বিভিন্ন সরকারি বিভাগে তার প্রচুর প্রভাব রয়েছে বলে দাবি করত সে। আর এই কথাতে বিশ্বাস করেই অভিযুক্তের ফাঁদে পা দেন মহিলা। কিন্তু ভর্তির সময় পার হয়ে গেলেও, তার ছেলে কেন ভর্তি হল না জানতে চাইতেই মহিলাকে এড়িয়ে যেতে থাকে অভিযুক্ত। এরপরেই মহিলা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তিনি। টাকা ফেরত চান তিনি। কিন্তু অভিযোগ তার কথায় কোন পাত্তা দেয় নি অভিযুক্ত। এরপরেই মুন্দ্রা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ব্যক্তির নামে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।