


পিএসজি-২ : টটেনহ্যাম-২
(টাই-ব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ী পিএসজি)
উদিনে: ৮০ মিনিট পর্যন্ত ম্যাচে পিএসজি’কে খুঁজেই পাওয়া যায়নি। দু’গোলে এগিয়ে থেকে ট্রফির স্বপ্ন দেখছিল টটেনহ্যাম। কিন্তু শেষলগ্নে রূপকথার প্রত্যাবর্তনে টাই-ব্রেকারে জয় ছিনিয়ে নিল লুই এনরিকে ব্রিগেড। চ্যাম্পিয়ন্স লিগের পর উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন পিএসজি।
সম্প্রতি ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে বিধ্বস্ত হয়েছিল এনরিকে-ব্রিগেড। সেই রেশ যে এখনও ডেম্বেলেরা কাটিয়ে উঠতে পারেননি, তা বুধবারের পারফরম্যান্সে স্পষ্ট। ৩৯ মিনিটে মিকি ফন ডে ফেনের গোলে লিড নেয় টটেনহ্যাম (১-০)। আর ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান কুটি রোমেরো (২-০)। অবস্থা বেগতিক দেখে শেষদিকে ওয়ারেন এমরি ও ডেজিরে ডুয়োকে তুলে কিং কাং ও গনসালো র্যামোসকে মাঠে নামান। সেটাই শেষ পর্যন্ত মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়ায়। ৮৫ মিনিটে লিং কাংয়ের গোলে লড়াইয়ে ফেরে পিএসজি (২-১)। আর সংযোজিত সময়ে সমতাসূচক গোলটি র্যামোসের (২-২)। ফলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে শুরুতে পেনাল্টি মিস করেন পিএসজি’র ভিতিনহা। তবে সুযোগের সদ্ব্যবহারে ব্যর্থ টটেনহ্যাম। উল্টে মিকি ও ম্যাথিউজ লক্ষ্যভেদে ব্যর্থ থাকলে ৩-৪ ব্যবধানে স্বপ্নভঙ্গ হয় ইংলিশ ক্লাবটির।