


নয়াদিল্লি: ভাষা বিতর্কে উত্তপ্ত মহারাষ্ট্র। মারাঠি বলতে না পারায় সম্প্রতি একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ানো থেকে শুরু করে মারধর। একাধিক অভিযোগ উঠেছে রাজ থ্যাকারের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এবার সুপ্রিম কোর্টে এমএনএস সুপ্রিমো রাজ থ্যাকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল। হিন্দিভাষীদের বিরুদ্ধে হিংসায় উস্কানি ও ভাষাভিত্তিক ঘৃণা ছড়ানোর অভিযোগেই এই মামলা দায়ের হয়েছে। আবেদনে অবিলম্বে রাজ ও তাঁর দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।
দিন কয়েক আগেই মহারাষ্ট্রের পালঘরে মারাঠিতে কথা বলতে অস্বীকার করায় এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ভিরার রেলস্টেশনের কাছে ভরা বাজারে তাঁকে কান ধরে ও হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এর আগে এক খাবার বিক্রেতাকেও মারধর করার অভিযোগ ওঠে।