


নয়াদিল্লি: বিমানের ভিতরে অভব্য আচরণ বরদাস্ত নয়। তারস্বরে বাজানো যাবে না গানও। নিয়ম ভাঙলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে। এমনকি জরিমানাও দিতে পারে। বিমানে বিশৃঙ্খলা রুখতেই এমন পদক্ষেপের কথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহল।
বিমানে কোনো যাত্রী হেডফোন ব্যবহার না করে গান শোনা বা ভিডিয়ো দেখলে অনেক সময়েই পাশের যাত্রী বিরক্তবোধ হন। তা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়ে থাকে বলে জানতে চেয়েছিলেন তামিলনাড়ুর নামাক্কালের সাংসদ মাথেশ্বরণ। তাঁর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমানের মধ্যে জোরে গান শোনা বা ভিডিয়ো দেখা নিয়ে পৃথক কোনো আইন নেই। তবে ডিজিসিএ-র ১৯৩৭ সালের আইন অনুযায়ী, কোনো যাত্রী অভব্য আচরণ বা বিশৃঙ্খলা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অভিযুক্ত যাত্রীকে বিমানে তুলতে অস্বীকার করতে পারে বিমান সংস্থা। তাঁকে নামিয়ে দেওয়া এবং জরিমানা করাও হতে পারে।