


উত্তরাখণ্ড, ৬ মার্চ: গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ, কেদারনাথ। সব মিলিয়ে চারধাম। হিন্দুদের জনপ্রিয় তীর্থযাত্রার মধ্যে একটি চারধাম যাত্রা। হিমালয়ে চড়াই-উতরাই, প্রবল ঠান্ডাকেও উপেক্ষা করে বহু তীর্থযাত্রী সামিল হয় এই চারধাম যাত্রায়। উত্তরাখণ্ডের এই যাত্রা শুরু হবে আগামী মাসেই। তার জেরেই পুণ্যার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন পক্রিয়া শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে গঙ্গোত্রী ও যমুনোত্রীর মধ্য দিয়ে তীর্থযাত্রা শুরু হবে। ২২ এপ্রিল কেদারনাথ মন্দিরের দরজা খোলা হবে, এরপর ২৩ এপ্রিল বদ্রীনাথ মন্দিরের দরজা খোলা হবে।
এক সরাকারি বিবৃতিতে বলা হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন পক্রিয়া ৬ মার্চ সকাল ৭টা থেকে শুরু হবে। এবছর তীর্থযাত্রীরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তাছাড়াও অফলাইনেও এই পক্রিয়া সম্পন্ন করা যাবে যা আগামী ১৭ এপ্রিল যাত্রাশুরুর দু'দিন আগে শুরু হবে। ঋষিকেশ, হরিদ্বার এবং দেরাদুনের বিভিন্ন জায়গায় কাউন্টারে মাধ্যমে অফলাইন রেজিস্ট্রেশন করা হবে। এবছরও প্রতি বছরের ন্যায় হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হবে বলেই মনে করা হচ্ছে উত্তরাখণ্ড সরকারের তরফে।
প্রতি বছর প্রায় ছয় মাস ধরে হিমালয়ের উঁচুতে অবস্থিত এই মন্দিরগুলি বন্ধ থাকে। সাধারণত গ্রীষ্মকালে (এপ্রিল বা মে মাসে) মন্দিরগুলি পুনরায় খোলা হয় এবং শীতকাল শুরু হলে (অক্টোবর বা নভেম্বর মাসে) আবার বন্ধ করে দেওয়া হয়।বিশ্বাস করা হয় যে চারধাম যাত্রা ঘড়ির কাঁটার দিকে সম্পন্ন করা উচিত। তাই তীর্থযাত্রা শুরু হয় যমুনোত্রী থেকে, এরপর গঙ্গোত্রী, তারপর কেদারনাথ, এবং শেষ হয় বদ্রীনাথে।এই যাত্রা সড়কপথে অথবা আকাশপথেও সম্পন্ন করা যায়। অনেক ভক্ত আবার ‘দো ধাম যাত্রা’ও করেন, যেখানে শুধুমাত্র দুটি মন্দির কেদারনাথ এবং বদ্রীনাথ দর্শন করেন পুণ্যার্থীরা।