


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: চার বন্ধুর মধ্যে বচসা। তার জেরে এক বন্ধু ও এক বান্ধবীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। তাঁরা দু’জনেই তলিয়ে গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ইছাপুরের নবাবগঞ্জের শ্মশান কালীঘাটে। মঙ্গলবার রাত পর্যন্ত তাঁদের হদিশ মেলেনি। ওই সময় ঘাটে থাকা বাকি দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, এই চারজনের বয়স আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বন্ধু অভিষেক মণ্ডল, আশুতোষ কুমার সিং, কুমার সাউ এবং তাঁদের বান্ধবী ঐন্দ্রিলা কর্মকার ইছাপুরের নবাবগঞ্জে গঙ্গার ঘাটে আসে। তাঁরা গল্প করার সময় কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। জানা গিয়েছে, অভিষেকের কাছ থেকে আড়াই হাজার টাকা পেতেন এক বন্ধু। তা নিয়ে বচসার সূত্রপাত। সেই সময় অভিষেককে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেয় দুই বন্ধু। এই ঘটনা দেখে ফেলেন ঐন্দ্রিলা। তিনি চিৎকার করলে প্রমাণ লোপাটের জন্য তাঁকেও গঙ্গায় ফেলে দেওয়া হয়। এমনটাই অভিযোগ দুই পরিবারের। অভিষেক এবং ঐন্দ্রিলার বাড়ি ভাটপাড়া এলাকায়। তাঁদের বয়স ১৯ বছর। দুই পরিবারের পক্ষ থেকে আশুতোষ ও কুমারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
নোয়াপাড়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তল্লাশি চালালেও এদিন রাত তলিয়ে যাওয়া তরুণ-তরুণীর খোঁজ পাওয়া যায়নি। ঐন্দ্রিলার পরিবার সরাসরি দোষারোপ করছে ওই দুই যুবককে, কারণ তারাই ঐন্দ্রিলাকে নেশা করানোর পর গঙ্গার পাড়ে নিয়ে এসেছিল। নোয়াপাড়া থানার পুলিশ আশুতোষ ও কুমারকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করেছে। আশুতোষের বাড়ি উত্তরপাড়ায়। কুমার সাউ থাকে ভাটপাড়ায়। তাঁদের দফায় দফায় জেরা করা হচ্ছে। তাঁদের কথায় অসংগতি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজ অভিষেক মণ্ডল ও ঐন্দ্রিলা কর্মকার।-নিজস্ব চিত্র