


দিসপুর: রাজ্যের একাধিক জায়গায় প্রশ্নপত্র ফাঁস। তার জেরে অসমে বাতিল হল একাদশ শ্রেণির পরীক্ষা। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, আগামী ২৪-২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির বাকি থাকা সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে। এক্ষেত্রে মোট ৩৬টি বিষয়ের পরীক্ষা হচ্ছে না। কিন্তু এই পরীক্ষাগুলি আবার কবে হবে এবং আগে হওয়া পরীক্ষাগুলির বৈধতা থাকবে কি না, তা নিয়ে খোলসা করে কিছুই জানানো হয়নি। ফলে পড়ুয়ারা চরম ধোঁয়াশায়। বিষয়টি নিয়ে সরব হয়েছে এনএসইউআই, এসএফআই, আসু সহ অসমের একাধিক ছাত্র সংগঠন। যথাযথ তদন্তের দাবি জানানোর পাশাপাশি অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনা করেছে তারা। তাঁদের বক্তব্য, অবিলম্বে ইস্তফা দিতে হবে শিক্ষামন্ত্রীকে এবং সাসপেন্ড করতে হবে অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের (এএসএসইবি) প্রধান আর সি জৈনকে।
৬ মার্চ শুরু হয়েছিল অসমের একাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হওয়ার কথা ছিল ২৯ মার্চ। ২১ মার্চ ছিল অঙ্ক পরীক্ষা। তা কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। পরীক্ষার আগের দিন রাজ্যের তিনটি সরকারি স্কুল সহ মোট ১৮টি স্কুলে সিল করা অঙ্ক প্রশ্নের প্যাকেট খুলে ফেলা হয়। তড়িঘড়ি অভিযোগ দায়ের করা হয় থানায়। পাশাপাশি বাকি থাকা সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। ইতিমধ্যেই ১০টি জেলার ১৫টি বেসরকারি স্কুলের অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। আজ, অর্থাৎ সোমবার বোর্ডের বৈঠকের পরই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত সপ্তাহে প্রশ্নফাঁসের জেরে অসমে নবম শ্রেণির ইংরেজি পরীক্ষাও বাতিল হয়ে যায়। বারংবার এই ঘটনায় সরব হয়েছে এনএসইউআই। তাঁদের বক্তব্য, বর্তমান বিজেপি সরকার কার্যত ব্যর্থ। এর জেরে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তায়।