


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত-পাক সীমান্তে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে এক বেসরকারি কোম্পানিকে। গুজরাতে সেই প্রকল্পের অনুমোদন দিতে নিয়ম ভেঙেছে মোদি সরকার। এমনই অভিযোগ সামনে রেখে বুধবার লোকসভায় সরব হল কংগ্রেস। সরকার দায়সারা জবাব দেওয়ায় ওয়েলে নেমে চলল প্রতিবাদ বিক্ষোভও। কংগ্রেসের পাশে দাঁড়াল ডিএমকে, শারদ পাওয়ারের এনসিপি। ওয়াক আউট করলেন বিরোধী এমপিরা। সামান্য সময়ের জন্য উত্তাল হল সংসদ।
বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সৌরশক্তি নিয়ে সওয়াল করেন কংগ্রেসের মণীশ তিওয়ারি। সরকারের কাছে জানতে চান, নিয়ম ভেঙে কী করে দেওয়া হল এই অনুমোদন? আর কেনই বা দেওয়া হল? তিনি বলেন, ‘গুজরাতের খাবড়ায় যে সৌরশক্তি প্রকল্পের অনুমোদনের সময় কি রাষ্ট্রীয় সুরক্ষার প্রোটোকল পালন করা হয়েছে? কারণ, সাধারণ নিয়ম অনুযায়ী সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে কোনও প্রকল্প করা যায়। কিন্তু খাবড়া মাত্র এক কিলোমিটার দূরে। এটা কী করে সম্ভব হল?’ সঙ্গে সঙ্গেই কংগ্রেস সাংসদ সুরেশ টিপ্পনি কাটেন, ‘হবে না কেন, এটি প্রধানমন্ত্রীর ঘনিষ্ট ব্যবসায়ীর প্রকল্প যে!’ জবাব দিতে গিয়ে নিউ এবং রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, ‘মাননীয় সাংসদ যে প্রশ্ন করেছেন, সেটা এদিনের প্রশ্ন তালিকার বাইরের বিষয়। তবুও জানাচ্ছি যে, এ ধরনের প্রকল্প কেন্দ্র-রাজ্য সহ যাবতীয় অনুমোদন নিয়েই করা হয়।’
মন্ত্রীর এই দায়সারা জবাব শুনে প্রতিবাদে সরব হন বিরোধীদের একাংশ। প্রশ্ন উঠল, কী করে জাতীয় সুরক্ষার মতো বিষয় অবজ্ঞা করে মোদি ঘনিষ্ট ব্যবসায়ীকে প্রকল্পর অনুমোদন দেওয়া হল? সঙ্গে স্লোগান... ‘মোদি সরকার হায় হায়!’