


নয়াদিল্লি: দিল্লি জল বোর্ড দুর্নীতি মামলায় জামিন পেলেন আম আদমি পার্টির (আপ) নেতা সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত। গত ১৮ আগস্ট সত্যেন্দ্র, জল বোর্ডের সিইও উদিত প্রকাশ রাই ছাড়া আরও চারজনকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। এদিন আপ নেতার জামিন মঞ্জুরের সময় ‘হঠাৎ গ্রেপ্তারি’ নিয়ে প্রশ্ন তোলেন রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক দিগবিনয় সিং।
তাঁর পর্যবেক্ষণ, এফআইআর ও গ্রেপ্তারির মধ্যে ২৭ মাসের ব্যবধান। দু’বছর পর এই পদক্ষেপের জন্য নতুন কোনো কারণও তুলে ধরতে পারেনি দুর্নীতি দমন শাখা। বিচারক জানিয়েছেন, অভিযুক্ত তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। বছরের পর বছর এজেন্সি তাঁকে গ্রেপ্তার না করেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে গিয়েছে। আচমকা একদম শেষে এসে কোনো শক্তপোক্ত কারণ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।