


মুম্বই: ২০২৩ সালে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হওয়ার পর থেকেই বিতর্ক চলছে। রোহিত শর্মা থেকে অক্ষর প্যাটেল—অনেকেই এই নিয়মের বিরোধিতা করেছেন। বুধবার ক্যাপ্টেনস মিটেও এই বিষয়টি উঠল। সূত্রের খবর, দশ দলের অধিনায়কদের অধিকাংশই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। কিন্তু বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল, ২০২৭ পর্যন্ত আইপিএলে এই নিয়ম চালু থাকবে। তবে যেভাবে বিরোধিতা বাড়ছে, তাতে আগামী বছরের আইপিএলে এই নিয়ম না’ও থাকতে পারে বলে মত ক্রিকেট মহলের।
এবছর আইপিএলের নিয়মে বড়সড় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে বেশ কয়েকজন অধিনায়ক বল পরিবর্তনের নিয়মে কিছুটা বদল ঘটানোর দাবি জানিয়েছেন। বর্তমানে দ্বিতীয় ইনিংসে দশ ওভারের পর নতুন বল নেওয়া যায়। মূলত শিশির সমস্যা থেকে বাঁচতেই এই পন্থা। দাবি উঠছে, দুই ইনিংসেই দশ ওভারের পর বল পরিবর্তনের সুযোগ দেওয়া হোক।