


ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের কাছে লর্ডস টেস্টে হেরে ব্যাকফুটে ভারত। তিন ম্যাচের পর ১-২ ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া। সিরিজে টিকে থাকতে হলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে জিততেই হবে শুভমান গিলদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম একাদশ গড়া নিয়ে পরামর্শ দিলেন অজিঙ্কা রাহানে। নিজের ইউটিউব চ্যানেলে তারকা ক্রিকেটার বলেন, ‘চতুর্থ-পঞ্চম দিনে ব্যাট করা কঠিন, সেটা আমরা সবাই জানি। ইংল্যান্ড বলও ভালো করছে। তবে এটা অস্বীকারের জায়গা নেই যে, লর্ডসে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে ভারত। আমার মতে, পরের ম্যাচে অতিরিক্ত বোলার খেলানো উচিত। কারণ, ২০ উইকেট না নিলে ম্যাচ জেতা যায় না।’
ভারত লর্ডসে তিন বিশেষজ্ঞ পেসার যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আকাশদীপকে খেলিয়েছে। চতুর্থ পেসার হিসেবে ছিলেন অলরাউন্ডার নীতীশ রেড্ডি। স্পিন বিভাগের দায়িত্ব সামলেছিলেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। রাহানের বার্তা অবশ্য স্পষ্ট, চায়নাম্যান কুলদীপ যাদবকে প্রথম এগারোয় দেখতে চাইছেন তিনি। তবে বাঁ-হাতি এই বিশেষজ্ঞ স্পিনার কার জায়গায় খেলবেন, তা নিয়ে কোনও পরামর্শ দেননি রাহানে। উল্লেখ্য, কোচ গৌতম গম্ভীর অলরাউন্ডারদের উপর একটু বেশিই আস্থা রাখছেন। হেডিংলেতে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম টেস্টে পরাজয়ের পরেই ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডিকে খেলানোর সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলা চতুর্থ টেস্টেও তাঁদের উপর সম্ভবত আস্থা রাখবেন গম্ভীর। ফলে রাহানে যতই বলুন, কুলদীপের সুযোগ পাওয়া কঠিন। ইউ টিউব চ্যানেলে লর্ডস টেস্টের বিশ্লেষণ করার সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে কৃতিত্ব দিয়েছেন রাহানে। তিনি বলেন, ‘মধ্যাহ্নভোজের বিরতির দুই-তিন বল আগে ফিল্ডাররা অনেক সময় গাছাড়া মনোভাব দেখায়। কিন্তু স্টোকস যেভাবে পন্থকে রান আউট করল, তা প্রশংসনীয়। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তা না-হলে ভারত বড় রানের লিড পেত। শুধু তাই নয়, ব্যাটিং, বোলিং এবং ক্যাপ্টেন্সিতে দক্ষতার দুরন্ত নিদর্শন রেখেছে স্টোকস।’