


চণ্ডীগড়: কৃষকের মেয়ের বিয়েতে হাজির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সঞ্জয় মালিক নামে এক কৃষকের মেয়ের বিয়ে ছিল। সঞ্জয় হরিয়ানার সোনেপতের বাসিন্দা। এদিন তাঁর মেয়ের বিয়ে উপলক্ষ্যে মদিনা গ্রামে যান কংগ্রেস নেতা। পরনে ছিল সাদা টি-শার্ট ও সবুজ ট্রাউজার। সঙ্গে ছিলেন রোহতকের কংগ্রেস এমপি দীপেন্দ্র সিং হুডা। বিয়েতে অংশগ্রহণ করার পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সোনিয়া-পুত্র। সকলের সঙ্গে বসে খাওয়াদাওয়া করেন। সম্মান হিসাবে রাহুলকে পাগড়ি পরিয়ে দেয় সঞ্জয়ের পরিবারের সদস্যরা। বিষয়টি এক্স হ্যান্ডলে পোস্ট করেছে কংগ্রেস। রাহুলের ছবি দিয়ে হাত শিবির জানিয়েছে, ‘২০২৩ সালে প্রথমবার সঞ্জয়জির সঙ্গে রাহুলের সাক্ষাৎ হয়। ধানখেতে একসঙ্গে কাজ করেন তিনি। কৃষক পরিবারের যাবতীয় দুঃখ-কষ্টের কথা শোনেন। প্রতি মুহূর্তে সঞ্জয়ের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন রাহুল। আজ জননায়ক তাঁদের আনন্দের শরিক হলেন।’ একই কথা শোনা গেল দীপেন্দ্রর বক্তব্য। তিনি বলেন, ‘আজকের দিনে শিল্পপতিদের বিয়েতে যাওয়ার জন্য একে অপরের সঙ্গে লড়াই করেন নেতারা। সেখানে রাহুল গান্ধী সঞ্জয়ের মেয়ের বিয়েতে গিয়ে কন্যাদানের প্রতিশ্রুতি রক্ষা করলেন। দু’বছর আগের এই কৃষকের ধানখেতে চারা লাগিয়েছিলেন রাহুল।’