


‘একটি মৃত্যু আজ আমাদের পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।’
গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিংয়ে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। স্বামীকে হারিয়ে কার্যত নিশ্চুপ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অবশেষে বৃহস্পতিবার মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন, ‘এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে।... আমাদের লক্ষ্য হোক একটাই ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী— মৃত্যুর পর যেন নিজের সম্মান ও মর্যাদার লড়াই কাউকে লড়তে না হয়।’
রাহুলের মৃত্যুর ঘটনার সঠিক সত্য জানা ও নিরাপত্তার দাবিতে সরব টলিপাড়া। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস নিজেদের আইনানুযায়ী নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত তাদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আবহে বহু শিল্পী ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। নাম না করে সোশ্যাল মিডিয়ায় বুধবার রাতে একটি পোস্ট করেন অভিনেত্রী কনিনীকা বন্দ্যোপাধ্যায়। পরে ফোনে তিনি বলেন, ‘আমি তখন অন্তঃসত্ত্বা। তিনমাস আগে চিঠি দিয়ে প্রযোজনা সংস্থাকে জানিয়েছিলাম, মাতৃত্বকালীন ছুটি দরকার। তিনমাস আমাকে পরিশ্রম করানোর পর বলা হয়েছিল, এক টাকাও দেবে না। দেওয়াও হয়নি। আমি কেস করতে পারিনি কারণ তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম।’
এদিকে, রাহুলের মৃত্যুতে অভিযুক্ত ম্যাজিক মোমেন্টস ও তার সহযোগী প্রযোজনা সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সমস্যায় পড়েছেন বহু শিল্পী ও কলাকুশলী। ‘চিরসখা’ ও ‘কনে দেখা আলো’ ধারাবাহিক দু’টি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনেকেই বলছেন, ‘হঠকারী সিদ্ধান্ত’। যদিও বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে আর্টিস্ট ফোরাম সাফ জানিয়েছে, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাহুলের মৃত্যুতে কিছু উত্তর খোঁজা চলছে। উত্তর দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে যাওয়া সত্ত্বেও জবাব মেলেনি। সে কারণেই আইনি পথে এগনোর সিদ্ধান্ত। এভাবে আচমকা যাতে কাজ বন্ধ না হয়ে যায়, সে জন্য বুধবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিল্পী ও কলাকুশলীরা। সূত্রের খবর, এই দু’টি ধারাবাহিক ভবিষ্যতে চ্যানেল কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রযোজনা সংস্থা প্রযোজনা করতে পারে। যদিও তাদের তরফে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। রাহুলের মৃত্যুর ঘটনার তদন্ত কোন পথে এগয়, এখন সেদিকেই চোখ থাকবে সকলের।