


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্নীতি বন্ধে গালভরা প্রতিশ্রুতি এবং স্লোগান দিয়েই কেন্দ্রে ক্ষমতায় এসেছিল মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টই ইঙ্গিত দিয়েছিলেন, এক্ষেত্রে সরকারি কর্মী, আধিকারিকদেরও রেয়াত করা হবে না। তা যে স্রেফ কথার কথা, তার প্রমাণ মিলছে। কারণ দুর্নীতিতে রীতিমতো ধ্বস্ত হয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক রেল! শূন্যপদে ভর্তি পরীক্ষাও নয়। নিছকই ডিপার্টমেন্টাল পরীক্ষা। অর্থাৎ, পদোন্নতি সংক্রান্ত অভ্যন্তরীণ বাছাই প্রক্রিয়া। তাতেও উঠছে নজিরবিহীন অনিয়মের অভিযোগ। এমনকী ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাস করতেও সামনে আসছে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা। এর জেরে আপাতত গ্রুপ সি পদের যাবতীয় ডিপার্টমেন্টাল পরীক্ষা বাতিল করে দিল রেলমন্ত্রক। পরবর্তীতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাছাই প্রক্রিয়া বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ, রেল বোর্ড কার্যত বুঝিয়েই দিল যে, এই বিষয়ে স্বচ্ছতা আনতে ঠিক কী পদক্ষেপ করা প্রয়োজন, সেই ব্যাপারে তারা অন্ধকারেই। বুধবারই এই সংক্রান্ত বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন রেল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এবং ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে, এবার থেকে রেলের পদোন্নতি সংক্রান্ত যাবতীয় বিভাগীয় পরীক্ষা আরআরবির মাধ্যমেই হবে। যেভাবে রেলে শূন্যপদে ভর্তি প্রক্রিয়া চলে, সেই একই পদ্ধতি মেনেই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) হবে। বুধবারের বৈঠকে রেল বোর্ডের কর্তাদের দাবি ছিল, এর ফলে পুরো প্রক্রিয়াই স্বচ্ছ হবে। দুর্নীতির আশঙ্কাও থাকবে না। মনে করা হচ্ছে যে, পরবর্তীতে ফের রেলের বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা চালু হলে তা রেল বোর্ডের সিদ্ধান্ত মতো সিবিটি মাধ্যমে আরআরবিই আয়োজন করবে। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত রেলের বিভিন্ন পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা সংশ্লিষ্ট জোন এবং ডিভিশনের আয়োজনেই হতো। সার্বিক প্রক্রিয়াই ছিল ‘ইন্টারন্যাল’। রেলের ডিপার্টমেন্টাল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে বিগত কয়েকদিন ধরেই সরগরম হয়ে রয়েছে মন্ত্রক। গত ৪ মার্চ যেভাবে এই প্রশ্ন ফাঁসের অভিযোগে পূর্ব-মধ্য রেলের একযোগে ২৬ জন রেল কর্মী-আধিকারিককে গ্রেপ্তার করে সিবিআই, তাতে হইচই পড়ে গিয়েছে।
রেলমন্ত্রক সূত্রের খবর, ইত্যবসরে আরও কয়েকটি জায়গা থেকে একইভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে। এর জেরে অত্যন্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে রেল। নড়েচড়ে বসেছে বোর্ডও। জানা যাচ্ছে, সমস্ত জোনের জেনারেল ম্যানেজারকে বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত বকেয়া থাকা সমস্ত পরীক্ষা আপাতত বাতিল রাখার জন্য নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে রেল বোর্ড। ৪ মার্চ পর্যন্ত অনুমোদিত বিভাগীয় পরীক্ষাগুলিকেই এই তালিকায় রাখা হয়েছে।