


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই বৃদ্ধি পেতে পারে সাধারণ রেল যাত্রীদের ভিড়। মুহূর্তের মধ্যেই কার্যত জনসুনামিতে পরিণত হতে পারে সংশ্লিষ্ট রেলওয়ে স্টেশন চত্বর এবং প্ল্যাটফর্ম। অন্তত রেলের গোয়েন্দা রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। অবিলম্বে এনিয়ে পদক্ষেপ করার ব্যাপারে তোড়জোড় শুরু করছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, দিনকয়েক আগেই রেলের সবক’টি জোন এবং ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লির রেলভবনে সেই বৈঠকে রেল বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, উৎসবের মরশুমে প্রাক-প্রস্তুতি হিসাবে জোন এবং ডিভিশনগুলিকে নির্দিষ্ট মর্মে কিছু নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। যে সমস্ত জায়গায় আচমকা জনসুনামি হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে, সেই সব জায়গা চিহ্নিত করে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এখানেই শেষ নয়। পাশাপাশি, উৎসবের মরশুম শুরুর আগে রেলের সিগন্যালিং ব্যবস্থার খোলনলচে পালটে ফেলার জন্যও নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।
উল্লেখ্য, বছর দেড়েক আগে মহাকুম্ভের সময় নিউদিল্লি রেলওয়ে স্টেশনে এমনই জনসুনামি তৈরি হয়েছিল। আর তা এতটাই আচমকা হয়েছিল যে, সামলানোর সময় পাওয়া যায়নি। পদপিষ্টের মতো ঘটনা ঘটেছিল নিউদিল্লি স্টেশনে। গোটা ঘটনায় রেলের অব্যবস্থার দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। রেল সূত্রে খবর, প্রধানত নিউদিল্লি স্টেশনের মতো ঘটনা দেশের অন্যত্র এড়ানোর জন্যই আগেভাগেই এবিষয়ে পদক্ষেপ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। গণেশ উৎসবের কথা মাথায় রেখে ইতিমধ্যে কিছু প্রস্তুতি শুরু করেছে রেলমন্ত্রক। যদিও তা করা হচ্ছে মূলত ‘রিজিওন স্পেসিফিক’। দুর্গাপুজো শুরুর আগে গোটা ব্যবস্থা আঁটোসাঁটো করতে চাইছে রেলমন্ত্রক।