


মুম্বই: আইপিএলের প্লে-অফের লড়াই জমে উঠেছে। ১৮ পয়েন্ট নিয়ে প্রথম তিনটি জায়গা পাকা করেছে বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদ। নেট রানরেটের হিসাবে প্রথম দু’টি পজিশনে যথাক্রমে বেঙ্গালুরু ও গুজরাত। আর হায়দরাবাদকে খেলতে হবে এলিমিনেটরে। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এখন তিনটি দল— রাজস্থান রয়্যালস (১৪ পয়েন্ট), কলকাতা নাইট রাইডার্স (১৩ পয়েন্ট) ও পাঞ্জাব কিংস (১৩ পয়েন্ট)। এদের মধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রাজস্থান। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা পাকা করবে বৈভব সূর্যবংশীরা। তখন নিজেদের ম্যাচে জিতলেও কলকাতা, পাঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে যাবে। তবে রাজস্থান হারলে উজ্জ্বল হবে তাদের আশা। গোলাপি ব্রিগেড অবশ্য সেই সুযোগ দিতে নারাজ। মুম্বইয়ের আশা আগেই শেষ হয়ে গিয়েছে। তাই রোহিত শর্মাদের কাছে এই লড়াই মর্যাদার।
সাম্প্রতিক ফর্মের নিরিখে অবশ্য রাজস্থান ও মুম্বইয়ের একই অবস্থা। শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে দুই দল। তবে চলতি টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে মুম্বইকে হারিয়েছিল রাজস্থান। ব্যাটিংয়ে তাদের ভরসা বৈভব ও যশস্বী। বোলিংয়ে রাজস্থানকে ভরসা জোগাচ্ছেন জোফ্রা আর্চার, রবি বিষ্ণোইরা।