


অযোধ্যা: অযোধ্যার রামমন্দিরের পরিচালন ব্যবস্থার আমূল পরিবর্তন চাই! এমনই দাবি তুললেন রাম জন্মভূমি মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। প্রাক্তন আইএএস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন সচিবের মতে, রামমন্দিরে ভক্তদের দানের টাকা ও অলংকার লোপাটের যে অভিযোগ উঠেছে, তাতে পরিচালন ব্যবস্থায় গুরুতর ত্রুটি-বিচ্যুতি সামনে চলে এসেছে। যে সব অনিয়মের কথা বলা হচ্ছে, তা কেবল ভক্তদের আস্থায় আঘাত হানেনি বরং মন্দিরের প্রশাসনিক কাঠামোর দুর্বলতার কথাও স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। এই পুরো কাঠামোর পুনর্গঠন করে অভিজ্ঞ পেশাদারদের হাতে দায়িত্ব দেওয়া উচিত।
গোটা ঘটনায় মুখ পুড়েছে যোগী প্রশাসনের। এই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যবাসীর কাছে সময় চাইলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্বয়ং। আদিত্যনাথ বলেন, ‘রামমন্দিরের জন্য আপনারা ৫০০ বছর অপেক্ষা করেছেন। সত্যিটা জানার জন্য ১৫ দিন অপেক্ষা করুন। যারা অযোধ্যা এবং রামমন্দিরকে অপমান করার চেষ্টা করছে, তাদের কথায় কান দেবেন না। সত্যি আর মিথ্যা দ্রুত আলাদা করা সম্ভব হবে।’ যোগী আরও জানান, রামমন্দির ট্রাস্টের অনুরোধে তিনি সিট গঠনের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কারও কাছে কোনো প্রমাণ থাকলে, তা সিটের কাছে জমা দিতে পারেন। এই ইস্যুতে এদিন এক্স হ্যান্ডলে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের কটাক্ষ, ‘একজনের রেকর্ড সংখ্যক অযোধ্যা সফর নিয়েও সিট গঠন করা উচিত।’ কিন্তু কার উদ্দেশে তাঁর এই রহস্যময় পোস্ট, তা স্পষ্ট নয়।