


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আগামী কাল, সোমবার থেকে টানা তিনদিন রাত্রে বন্ধ রাখা হবে রামকৃষ্ণ সেতু। সোম, মঙ্গল ও বুধ রাত ১০টা থেকে সকাল ছ’টা পর্যন্ত মেরামতের কাজ চলবে। তার জেরে যানবাহন চলাচল করবে না। হাঁটাও যাবে না। চলবে শুধু অ্যাম্বুলেন্স। শনিবার পূর্তদপ্তর এই কথা কথা জানিয়েছে। কলকাতা, বাঁকুড়া, মেদিনীপুর ও পূর্ব বর্ধমানের লাইফ লাইন হল দ্বারকেশ্বর নদের উপর থাকা এই সেতু। তা বন্ধ থাকায় প্রবল দুর্ভোগ হবে বলে আশঙ্কা বহু মানুষের।
পূর্তদপ্তরের আরামবাগ মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলেশ দে বলেন, সেতুর ভেঙে যাওয়া অংশ ঝুলছে। তা নামানোর কাজ হবে। সে জন্য একটি যন্ত্র সেতুর উপরের অংশে কাজ করবে। এর ফলে কম্পনের সৃষ্টি হবে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি জানাতে মাইকিং করে প্রচার চলবে। দেওয়া হবে ফেস্টুনও। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ সেতুর মাঝামাঝি অংশে প্রায় ১৫ মিটার গার্ডওয়ালের একাংশ ভেঙে গিয়েছে। কংক্রিটের সেই অংশ সেতু থেকে বর্তমানে ঝুলন্ত অবস্থায় আছে। সোমবার রাত থেকে ঝুলে থাকা সে অংশ কেটে নামানোর কাজ হবে। সেতু ক্ষতি হওয়া আটকাতে কংক্রিটের ওই অংশ ধাপে ধাপে কাটা চলবে। একইসঙ্গে সেতুতে থাকা বাকি গার্ডওয়ালের অনেকাংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। সেই অংশে ফের রেলিং বসানো হবে। সেতুর উপর ভার কমানোর লক্ষ্যে এ কাজ করবে পূর্তদপ্তর। ঝুলে থাকা অংশ কাটার পর সেই কাজ শুরু হবে। রাতে যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করবে না। প্রয়োজনে পূর্ব বর্ধমানের একলক্ষ্মী, উচালন হয়ে যাতায়াত করা যাবে। রামকৃষ্ণ সেতু দিয়ে বাঁকুড়া, মেদিনীপুরের বাসিন্দাদের একাংশ কলকাতা, বর্ধমানে যাতায়াত করেন। রাতে বহু যানবাহন চলাচল করে। ইতিমধ্যেই অনেক ভারী যানবাহন ঘুরপথে যাতায়াত করছে। সেতুতে কাজের জন্য ওই তিনদিন রাতে ছোট গাড়িগুলিও ঘুরপথে যাতায়াত করবে। তার ফলে দুর্ভোগের আশঙ্কা রয়েছে।