


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চেন্নাইয়ান ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইস্ট বেঙ্গল। শনিবার অনুশীলনে শৌভিক চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে গোড়ালিতে আঘাত পান মহম্মদ রশিদ। চোট গুরতর। প্যালেস্টাইন মিডিওকে নিয়ে উদ্বিগ্ন কোচ অস্কার ব্রুজোঁ। আইএসএলের বাকি ম্যাচে রশিদকে পাওয়া যাবে তো? আশঙ্কায় ইস্ট বেঙ্গল থিঙ্কট্যাঙ্ক। আসলে শক্তিশালী মাঝমাঠ অস্কার ব্রিগেডের অস্ত্র। বল স্ন্যাচ করা ছাড়াও ডিস্ট্রিবিউশন করেন রশিদ। ওয়ার্কলোড নিতে পারেন। রশিদের জায়গায় দ্রুত বিকল্প ভাবতে হবে ব্রুজোঁকে। রশিদ না থাকলে প্রভাব তো পড়বেই। এমনিতেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীর্ঘদিন বাইরে কেভিন সিবলে। আর্জেন্তাইন স্টপার এখনও আইসএলে ম্যাচ খেলতেই পারেননি। চেন্নাই ম্যাচের আগে সিবলেকে ফিট করার আপ্রাণ চেষ্টা চলছে। অন্যদিকে জাতীয় দলের হয়ে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন আনোয়ার। তবে তা গুরুতর নয়। আগামী সপ্তাহে অনুশীলন শুরু করবেন তিনি।
এদিকে, অনূর্ধ্ব-১৬ যুব ডার্বিতে মোহন বাগানকে ৩-০ ব্যবধানে হারায় ইস্ট বেঙ্গল। শিশির সরকারের জোড়া গোল। স্কোরশিটে নাম তোলে আকাশ মণ্ডলও। পাশাপাশি ইস্ট বেঙ্গল মাঠে কন্যাশ্রী কাপেও বড় জয় পেল লাল-হলুদের প্রমীলা বাহিনী। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসি’কে ৬-০ গোলে পরাস্ত করে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। সিল্কি দেবীর হ্যাটট্রিক। এছাড়া গোল পেয়েছেন প্রিয়াঙ্কা দেবী, অষ্টম ওঁরাও ও সাথী দেবনাথ। আগের ম্যাচে দীপ্তি সংঘকে ২১ গোলের মালা পরিয়েছিল মহিলা দল। কন্যাশ্রী কাপ জিততে বদ্ধপরিকর গোটা দল।