


অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা। উদয়পুরে রাজকীয় আয়োজনে চার হাত এক হল তাঁদের। বৃহস্পতিবার সকালে তেলুগু নিয়মে বিয়ে করেন রশ্মিকা ও বিজয়। অভিনেতার পরিবারের নিয়ম মেনে গাঁটছড়া বাঁধা হয়েছে তাঁদের। সন্ধ্যায় কর্ণাটকের কোভাডা নিয়মানুসারে বিয়ে হয় তাঁদের। বিকেল ৪টে নাগাদ এই অনুষ্ঠান হয়। দীর্ঘদিন ধরেই বিজয় ও রশ্মিকার প্রেম, বিয়ে নিয়ে আলোচনা চলছে। অবশেষে দাম্পত্য জীবন শুরু করলেন তাঁরা। এদিন যুগলের বিয়ের মেনুতে ছিল খাঁটি দক্ষিণী পদ। ডাবের জল দিয়ে সকলকে ওয়েলকাম জানানো হয়। খাবার পরিবেশিত হয় কলাপাতায়। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের বিভিন্ন দক্ষিণী পদে সাজানো হয়েছিল মেনু। ছিল হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ, নানা রকমের ডাল। আর শেষপাতে মাইসোর পাকের মিষ্টি। যদিও বিয়ের অনুষ্ঠানে কড়াকড়ি রেখেছিলেন নবদম্পতি। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। ‘গীতগোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ ছবিতে জুটিতে কাজ করেছেন তাঁরা। সেখান থেকেই বন্ধুত্ব ও পরে প্রেম। যদিও সবসময়ই মুখে কুলুপ এঁটেছিলেন দুই তারকা। সদ্য খবরে সিলমোহর দেন তাঁরাই। জানান, অনুরাগীদের ভালোবাসায় তাঁরা আপ্লুত। সে কারণে বিয়ের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল— ‘দ্য ওয়েডিং অব বিরোশ’।