


মুম্বই, ৪মে: বেশ কয়েকদিন ধরেই রূপোলি জগতের দুনিয়ায় দক্ষিণি অভিনেত্রী রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরকোণ্ডার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে প্রকাশ্যে কেউই সম্পর্কে থাকার বিষয়টি নিয়ে খোলসা করে বলেননি। এই বিষয়ে সব সময়ই স্পিকটি নটই ছিলেন তাঁরা। তবে দু’জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি মারলেই বোঝা যাচ্ছিল একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিজয়-রশ্মিকা। এমনকী চলতি বছরের শুরুতে বিজয় সোশ্যাল মিডিয়া মারফত জানান, তিনি আর সিঙ্গল নন। এরপরই বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যেতে থাকে। নিজের জন্মদিন সেলিব্রেট করতে ওমান পাড়ি দেন রশ্মিকা। সেখান থেকে প্রচুর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন। কিন্তু তার সঙ্গে আর কাউকেই ছবিতে দেখা যায়নি। অদ্ভূতভাবেই ওই একই জায়গা থেকে ছবি আপলোড করেন বিজয়ও। এরপরই তাঁদের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা।
কিন্তু আজ, রবিবার হঠাৎই কাহানি মে ট্যুইস্ট! দেখা যায় বিজয় ইনস্টা অ্যাকাউন্টে ৩৫ জনকে ফলো করছেন। কিন্তু সেই তালিকায় রশ্মিকাকে আর নেই! আগুনের মতো এই খবর বিনোদন জগতের দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁদের মধ্যে এমন কী হল যে অভিনেত্রীকে আনফলো করে বসলেন বিজয়? তাহলে কী প্রেমের সম্পর্কে ইতি টানলেন দু’জনেই? এর জবাব অবশ্য এখনও মেলেনি। তবে বিজয় রশ্মিকাকে ফলো না করলেও এখনও পর্যন্ত কিন্তু অভিনেত্রী দেবরকোণ্ডা আনফলো করেননি।