


মুম্বই: অর্থ তছরূপের মামলায় মামলায় ১০১ দিন মহারাষ্ট্রের আর্থার রোড জেলে কাটাতে হয়েছিল শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউতকে। সম্প্রতি তিনি অভিযোগ করেন, ‘জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। আর এই ক্যান্সারের নেপথ্যে রয়েছে জেলে কাটানো দিনগুলি। জেলের খাবারে বিষ মিশিয়ে ধীরে ধীরে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।’ রাউত আরও জানান, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি তাঁকে একটি ‘টক্সিকোলজি টেস্ট’ (বিষাক্ত পদার্থের উপস্থিতি পরীক্ষার টেস্ট) করার পরামর্শ দিয়েছেন।
শিবসেনা সাংসদ বলেন, ‘দিন দশেক আগে রাহুল গান্ধীর সঙ্গে আমার দেখা হয়। তিনি আমার শারীরিক অসুস্থতার কথা জানতে চান এবং নিজেই এই সন্দেহের কথা প্রকাশ করেন। রাহুল বলেন, আমাদের মতো রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে জেলের ভিতর যে কোনও কিছু ঘটতে পারে। বর্তমান সরকার এতটাই নিষ্ঠুর কারাগারে থাকাকালীন তারা যা খুশি করতে পারে।’
রাহুল আরও বলেন, ‘আপনার মতো মানুষের হঠাৎ এমন অসুস্থতা হবে কেন?’ তাঁর মনে হয় আমার শরীরে হয়তো বিষপ্রয়োগ করা হয়েছে। তাই তিনি আমাকে অবিলম্বে একটি টক্সিকোলজি টেস্ট করানোর পরামর্শ দেন। রাউতের দাবি, জেলে থাকাকালীন সময় থেকেই তাঁর শরীরে এই রোগের উপসর্গ শুরু হয়েছিল। ২০২২ সালে ২ আগস্ট চাওল জমি কেলেঙ্কারি নিয়ে অর্থ তছরূপের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। - ফাইল চিত্র