


নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধারের ঘটনায় তিন মহিলাকে গ্রেপ্তার করল মালদহ টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের নাম জাবরুন্নেসা, জ্যোৎস্নারা বেগম ও আনওয়ারা বেগম। ধৃত তিনজনই অসমের করিমগঞ্জ ও হোজাই জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, ডিমাপুর স্টেশন থেকে বিবেক এক্সপ্রেসে করে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল নিয়ে মালদহ টাউন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই তিন মহিলা। সঙ্গে ছিল দুটি কোলের শিশুও। পুরাতন মালদহ স্টেশনে ট্রেনটির নির্ধারিত স্টপেজ না থাকলেও সেখানে ট্রেন দাঁড়াতেই নেমে পড়েন তাঁরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুরাতন মালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তাঁদের আটক করে তল্লাশি চালান জিআরপির আধিকারিকরা। তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ১ কেজি ২৮০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জেরায় ধৃতরা পুলিশকে জানিয়েছেন, এই কাঁচামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তাঁদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। তবে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন শনিবার ধৃত তিন মহিলাকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার পিছনে কোনো বড়ো মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।