


নয়াদিল্লি: অনুপ্রবেশকারী ও জনবিন্যাসে বদল ইস্যুতে ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে মোদি সরকার। এবার ২০২৫ সালের অভিবাসন ও বিদেশি বিধিতে সংশোধন করা হল। সোমবার এই নয়া বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনো বিদেশি যদি এদেশে আরও বেশি দিন থাকতে চান, তাহলে ওই সময়সীমা শেষ হওয়ার আগেই তাঁকে রেজিস্ট্রেশন করাতে হবে। পুরানো বিধিতে ১৮০ দিনের মেয়াদ শেষের পরও রেজিস্ট্রেশনের জন্য বাড়তি ১৪ দিন সময় মিলত। নয়া বিধি অনুযায়ী তা আর মিলবে না। যাঁরা ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসায় ভারতে আসবেন, তাঁদের ক্ষেত্রেও চালু করা হয়েছে একই নিয়ম। প্রতিবার ১৮০ দিনের মধ্যেই বাড়তি থাকার জন্য রেজিস্ট্রেশন করাতে হবে। এবং এসব ক্ষেত্রে ‘উদ্ভূত পরিস্থিতি’ বিবেচনা করে তবেই রেজিস্ট্রেশন মঞ্জুর করা হবে।
নবজাতক শিশুর ক্ষেত্রে (মা-বাবার মধ্যে কেউ একজন বা দু’জনই বিদেশি হলে) নয়া বিধিতে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। এরকম ক্ষেত্রে পুরনো বিধিতে বলা ছিল, নতুন ভিসা মঞ্জুর বা দেশ ছাড়ার অনুমতির মতো পরিষেবার জন্য শিশুর জন্মের ৩০ দিনের মধ্যে বৈদ্যুতিনভাবে রেজিস্ট্রেশন অফিসারকে অবগত করতে হবে। নয়া বিধি অনুযায়ী, মা-বাবার মধ্যে কেউ একজন ভারতীয় নাগরিক হলে এবং তারা নবজাতকের ভারতীয় নাগরিকত্ব বহাল রাখতে চাইলে পুরানো ওই নিয়ম আর প্রযোজ্য হবে না।