


সংবাদদাতা, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হকার উচ্ছেদের আগে পুনর্বাসন ও বিকল্প রুজি-রোজগারের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি স্টেশনের কাছে যৌথ উদ্যোগে একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা করা হয়েছে। আজ, শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়।
তিনি আরও জানান, জলপাইগুড়ি স্টেশন চত্বরে বহু মানুষ হকারি করেন। এর সাথে তাঁদের রুটিরুজি জিড়িয়ে আছে। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হচ্ছে। স্টেশন চত্বর থেকে উচ্ছেদের ফলে হকারদের যাতে সমস্যা না হয় তা নিশ্চিত করা হবে। কোনও অবস্থায় তাঁদের দীর্ঘদিনের রুজি-রোজগার হঠাৎ বন্ধ হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সাংসদ আরও জানিয়েছেন, ‘হকারদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই বিকল্প জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে পরিকল্পিতভাবে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।’ হকারদের জীবিকার বিষয়টি মাথায় রেখে রেল ও প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অপরদিকে এনজেপি স্টেশনের কাছে যৌথ উদ্যোগে হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানান জয়ন্ত রায়। হাসপাতালে তৈরি হলে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।